নারায়ণগঞ্জ বন্দরে অত্যন্ত উৎসমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাঙালির ঐতিহ্যের অংশ পান্তা-রুই খাবার পরিবেশন করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গাব্দ-১৪৩৩ ও বর্ষবরণ উদযাপনের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের দিক নির্দেশনা ও নেতৃত্বে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় বৈশাখী উৎসব।
বিএম ইউনিয়ন স্কুলের প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা সামিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, থানার অফিসার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, হিসাব রক্ষণ কর্মকর্তা শামীমা সুলতানা, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক লিটন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে সংগীত শিক্ষক মান্নাহর পরিচালনায় দেশাত্মবোধক ও বর্ষবরণ উৎসবের গান পরিবেশন করা হয়।শিশুদের নৃত্য ও কবিতা আবৃত্তিতে অনুষ্ঠান আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে।
বন্দরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইউএনও শিবানী সরকার জানান, আমরা সবাই বাংলাদেশের মানুষ।বাঙালির ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি ধারণ করে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। সুখী, সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে একসাথে এগিয়ে যাব।



































আপনার মতামত লিখুন :