News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

দূষণমুক্ত পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৯:২১ পিএম দূষণমুক্ত পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়

দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে নারায়ণঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এই র‌্যালীর আয়োজন করা হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে সকলে একযোগে অংশগ্রহণ করেন।

এসময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শনিবার জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। রোববার থেকে জেলার সব সরকারি দপ্তর এবং মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। শুধু সদর উপজেলাতেই ১০০টির বেশি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়েছে।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ৫০ সদস্যের একটি করে ভলান্টিয়ার টিম গঠন করা হচ্ছে। এসব দল নিজ নিজ ক্যাম্পাসের পাশাপাশি আশপাশের এলাকাও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করবে। সেই সাথে বাজারগুলো পরিচ্ছন্ন রাখতে আলাদা কমিটি গঠন করা হবে। একইভাবে রাস্তাঘাট, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘিরেও পৃথক কমিউনিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান এবং মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম প্রমুখ।