News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বেগম রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ে ঢাক-ঢোল পিটিয়ে বৃক্ষরোপণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৯:৩১ পিএম বেগম রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ে ঢাক-ঢোল পিটিয়ে বৃক্ষরোপণ

ঢাক-ঢোল পিটিয়ে ও জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ শহরের বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১ টায় গাছের চারা রোপন ও পরিচর্যা আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

র‌্যালী শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও পরিচর্যার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। সেই সাথে শিক্ষার্থীদেরকে বৃক্ষরোপণের ব্যাপারে তাগিদ দেয়া হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমি সরকারকে ধন্যবাদ জানাই সরকার এবছর বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা স্কুলে এই কর্মসূচি দিয়েছে। আমাদের স্কুলেও এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা বিগত ১২ বছর ধরেই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে র‌্যালী করি এবং মানুষ যেন গাছ লাগাই একং পরিচর্যা করে থাকে। গাছ লাগালেই হবে না এটাকে পরিচর্যা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের শিক্ষার অংশ হিসেবে এটা নিয়েছি। প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে অন্যথায় প্রকৃতি প্রতিশোধ নিবে। গাছ লাগাতে হবে পরিচর্যা করতে হবে। বৃক্ষরোপণ এবং পরিচর্যা প্রত্যেকটি স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এবং স্বাস্থ্য ব্যবস্থায় চরম বৈষম্য চলছে। সরকারের কাছে আগামী ২০২৭ সালকে শিক্ষাবর্ষ এবং স্বাস্থ্যবর্ষ হিসেবে উদযাপন করে সকলের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আতিকুর রহমান ও বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুলতানা বেগম রত্মা।