আসন্ন লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বন্দর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন, নৌ পুলিশ বন্দর থানার পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর দে, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় লাঙ্গলবন্দ পুণ্যস্নান উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্নানঘাটে পর্যাপ্ত আলো ও পানির ব্যবস্থা, অধিক সংখ্যক সেবাক্যাম্প স্থাপন, নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, ট্রাফিক ব্যবস্থাপনা, স্নানঘাটে কচুরিপানা অপসারণ এবং চুরি-ছিনতাই রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, আগামী ২৫ ও ২৬ মার্চ লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী পুণ্যস্নান অনুষ্ঠিত হবে।









































আপনার মতামত লিখুন :