News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় বাস টার্মিনাল মসজিদের ইমাম মাওলানা আকরাম নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৭:২৫ পিএম সড়ক দুর্ঘটনায় বাস টার্মিনাল মসজিদের ইমাম মাওলানা আকরাম নিহত

নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আকরাম হুসাইন ভূইগড় বাসস্ট্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় ফতুল্লা মডেল থানাধীন ভূঁইঘর ওভারপাসের পূর্ব পাশে মাছ বাজারের সামনে সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

আকরাম হুসাইন কুমিল্লার হোমনা উপজেলার দরিচর এলাকার আব্দুল মতিনের ছেলে এবং বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর থানার আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন।

এ দুর্ঘটনায় আহতরা হলেন একই মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে সাইনবোর্ড থেকে ভূঁইঘরের দিকে আসা একটি পুরনো খালি বালুবাহী ট্রাক বেপরোয়া গতিতে সার্ভিস লেনে ঢুকে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী, দোকানপাট ও দুটি ভ্যানগাড়ির ওপর সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মাওলানা আকরাম হোসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে পাঠান।

নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ জানান, নিহত মাওলানা আকরাম হুসাইনের মরদেহকে মাসদাইরস্থ কেন্দ্রীয় সিটি কবরস্থানে গোছল শেষে গ্রামের বাড়ি হোমনা দড়িচর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাদ জুমা জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুম স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ঘটনা শুনে মাসদাইর কবরস্থানে ছুটে আসেন, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতী জাকির হুসাইন কাসেমী, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হাকীম দিফাঈ, উলামা দলের আহবায়ক হাফেজ শিব্বীর আহমদ সহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উলামায়ে কেরাম, বাস মালিক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ মুসল্লীরা।