নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি হওয়ার পর থেকেই মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু নারায়ণগঞ্জের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। তার একের পর এক পদক্ষেপ সকলের মাঝে বেশ প্রশংসিতও হয়েছে। একই সাথে তিনি নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে সকলকে এক কাতারে বসাচ্ছেন। যা বিগত দিনে কখনও দেখা যায়নি। আর এক সাথে বসার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে সকল প্রতিবন্ধকতা দূর হয়ে যাচ্ছে।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সবকিছুতেই পরিবর্তন আসে। তারই ধারাবাহিকতায় নির্বাচনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি পদে অধিষ্ঠিত হন মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। আর এই সভাপতির পদে আসার পর থেকেই তিনি একের পর এক কার্যকরি পদক্ষেপ নিয়েছেন।
এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদে অধিষ্ঠিত হয়েছেন। আর এই পদটি তার জন্য আরও বেশি সফলতার সুযোগ করে দিয়েছে। ফলে নারায়ণগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড দিয়ে তিনি যে দপ্তরেই যাচ্ছেন সেই দপ্তরেই তার আহ্বানে সাড়া দিচ্ছে। ফলে একের পর এক কাজের মধ্যে দিয়ে তিনি নারায়ণগঞ্জবাসীর কল্যাণে অবদান রেখে যাচ্ছেন। একই সাথে নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে সকলকেই ঐক্যবদ্ধ করে যাচ্ছেন।
সবশেষ নারায়ণগঞ্জের ৫ টি আসনের সংসদ সদস্যের সাথে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ আগস্ট দুপুরে চেম্বার ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫ টি সংসদীয় আসনের এমপিরা। সেই সাথে সকল মতের উর্ধ্বে উঠে একে অপরের সহযোগিতা নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। একে অপরের সাথে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে; কিন্তু উন্নয়নের প্রশ্নে সকলেই এক থাকবেন বলে জানিয়েছেন।
নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও বিসিবির পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা সহ আরো অনেকে।
নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ মুঠোফোনে বলেন, নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের যেকোন প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন। আমরা চেম্বারের সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করবো। প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দর সমৃদ্ধ প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। আমরাও তার সহযাত্রী হিসেবে আপনাদের সঙ্গে নিয়ে পাশে থাকতে চাই।
নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান বলেন, আমরা ৫ এমপি মিলে চেষ্টা করবো নারায়ণগঞ্জকে মেট্টোপলিটন সিটি, মেট্রোরেলের আওতায় নিয়ে আসতে। নারায়ণগঞ্জের ৫ এমপি যদি এক থাকি তাহলে নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জ এর ঐতিহ্যে ফিরিয়ে আনবো।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা নারায়ণগঞ্জের উন্নয়নে সকলেই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের মাঝে মতবিরোধ থাকতে পারে কিন্তু নারায়ণগঞ্জের উন্নয়নের আলোচনায় আমরা সকলেই ঐক্যবদ্ধ।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে কাজ আদায় করতে সহজ হয়। আমরা অনেক সময় কাজের ডিও লেটার দিয়ে থাকি। সকলে মিলে একসাথে ডিও লেটার দিলে সেই কাজটা তাড়াতাড়ি হয়। তাই সকলের ঐক্যবদ্ধ থাকা অনেক জরুরি।
নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জের আমরা সকল এমপি একসঙ্গে কাজ করলে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। আমরা সব সময় আপনোদের পরামর্শের মাধ্যমে ব্যবসায়ীরা এগিয়ে যেতে চাই। সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই। আপনাদের পরামর্শে এখনও যেমন চলছি ভবিষ্যতেও চলবো।
এর আগে গত ২০ জুলাই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জের উন্নয়নে তিনজন গুরুত্বপূর্ণ পদের অধিকারী নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সাথে নারায়ণগঞ্জের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আর এই মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সাথে সকলেরই আন্তরিকতাপূর্ণ সম্পর্ক পরিলক্ষিত হয়। নারায়ণগঞ্জের যে কোনো উন্নয়নে দিপু ভূইয়ার পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। একই সাথে তারাও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সহযোগিতা কামনা করেছেন।
বিগত সময়ে এসকল গুরুত্বপূর্ণ পদে ব্যক্তিদের কখনও একসাথে হতে দেখা যায়নি। বরং এসকল পদগুলোতে যারা ছিলেন তারা একে অপরের বিরোধী ছিলেন। কিন্তু এবার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে সকলেই একসাথে হয়েছেন। যা নারায়ণগঞ্জবাসীর জন্য অনেক বড় সফলতা বয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।







































আপনার মতামত লিখুন :