News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ইভন হত্যা মামলার দুই আসামি ৩ দিনের রিমান্ডে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:৩৬ পিএম ইভন হত্যা মামলার দুই আসামি ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার কিশোর গ্যাং লিডার নাহিয়ান আজম ইভন (৩০) হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে তাদের তিন দিনের রিমাণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দুপুরে গ্রেফতার রাতুল ওরফে টুটুল (২৯) ও সাইফুল ওরফে পাগলা সাইফুলকে (৩৮) ১০ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. শামীমা খাতুন প্রত্যেককে তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেন।

এর আগে সোমবার দিবাগত রাতে ফতুল্লার ইসদাইর ও মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দুইজনই মামলার এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাছিনুজ্জামান বলেন, নিহত নাহিয়ান আজম ইভন হত্যার ঘটনায় নিহতের বাবা এসএ আজম বাবু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু গুরত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।

তার আগে গত ৭ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং নেতা নাহিয়ান আজম ইভন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপ।

এ ঘটনায় নিহত নাহিয়ান আজম ইভনের বাবা বাদী হয়ে শফিকুল ইসলাম, সাইফুল ওরফে পাগলা সাইফুল, আনোয়ার হোসেন বাবু, শুক্কুর ও রাতুল ওরফে টুটুল, রাজুসহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।